লিভারপুল, ২৭ নভেম্বর(হি.স.): নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের রেশ কাটতে না কাটতেই এবার চ্যাম্পিয়নস লিগে বড় ব্যবধানে হারল লিভারপুল। উজ্জীবিত পারফরম্যান্সে তাদের মাঠেই লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে দিল ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। সবশেষ ১২ ম্যাচের ৯ টিতেই হারের স্বাদ পেল লিভারপুল। ষষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। ১৬ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ডমিনিক সোবোসলাই।
দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে লিভারপুল। ৫৬ মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩ মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিউয়েশ।
চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি।
বুধবার রাতে রাতের আরেক ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির হয়ে গোল করেছেন আলভারেজ ও হিমেনেজ। অপরদিকে ইন্টারের হয়ে গোল করেন জিলিয়ানস্কি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
