চোখের সমস্যা নিয়ে হাসপাতালে অভিনেত্রী জিনাত আমান । বহু আগে থেকেই তাঁর ডান চোখে সমস্যা ছিল। শেষমেশ অস্ত্রোপচার করাতে হল। এখন আগের থেকে অনেক স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তিনি।
বর্ষীয়ান অভিনেত্রী ইনস্টাগ্রামে জানিয়েছেন, চার দশক আগে তাঁর ডান চোখে আঘাত লেগেছিল। সেই থেকে টোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। যার জেরে তাঁর ডান চোখ বন্ধ হয়ে আসছিল। অভিনেত্রী জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে চলে এসেছিল যাতে তাঁর দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল। এর আগে এই চিকিৎসা বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু সম্প্রতি জিনাতকে চিকিৎসকরা জানান আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন অস্ত্রোপচার সম্ভব।
ভোগের ফটোশুট সেরেই জিনিসপত্র গুছিয়ে নেন জিনাত। হাসপাতালে বেশ ভয়ে ভয়ে ছিলেন। কিন্তু পাশে ছিল ছেলে জাহান। মায়ের কপালে চুমু খেয়ে তাঁকে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন তিনি। অভিনেত্রী জানান অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আগের থেকে অনেক স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু সেরে উঠতে আরও অনেক সময় লাগবে।
সময় যখন তাঁর ছিল, ক্যামেরার সামনে আগুন ঝরাতেন জিনাত আমান। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘হরে রামা হরে কৃষ্ণা’, ‘হীরা পান্না’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সিনেমা।
প্রসঙ্গত, ৭১ বছর বয়সে আবারও বড়পর্দায় ফিরছেন জিনাত। ডিজাইনার মণীশ মালহোত্রার প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘বান টিক্কি’ । তাতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে। এছাড়াও ছবিতে থাকছেন শাবানা আজমি এবং অভয় দেওল। -হিন্দুস্থান সমাচার / কাকলি
