মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.) : প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ২০ কোটি টাকা চেয়ে এক ব্যক্তি ইমেলে রিলায়েন্স কর্তাকে হুমকি দেন । ২০ কোটি টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে।
সূত্রের খবর, মুকেশ আম্বানিকে পাঠানো ওই ইমেলটিতে বলা হয়েছে, ‘আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব। আমাদের ভারতের সেরা শুটার আছে।’ পুলিশ জানিয়েছে, ২৭ অক্টোবর এই হুমকি ইমেলটি মুকেশ আম্বানিকে পাঠানো হয়। মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের নজরে হুমকির ইমেলটি আসে। এরপর তাঁরা মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বাড়ানো হয়েছে আম্বানির নিরাপত্তা। ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত বছরও এক ব্যক্তি দক্ষিণ মুম্বইতে আম্বানি পরিবারের বাসভবন সহ এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বিস্ফোরণের হুমকি দেয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। হিন্দুস্থান সমাচার / কাকলি
