নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): বিশ্ব অর্থনীতির সঙ্কটের মধ্যেও অব্যাহত থাকবে ভারতের অগ্রগতি। ২০২৪ সালে বৃদ্ধির হারের নিরিখে ভারতীয় অর্থনীতিই ‘সবচেয়ে দ্রুত বিকাশশীল’ হবে বলে জানানো হল রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে। বিশ্বের আর্থিক পরিস্থিতি এবং সম্ভাবনা ২০২৪ শীর্ষক এক রিপোর্টে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০২৪ অর্থবর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বৃদ্ধির নিরিখে ভারতই দ্রুততম হতে চলেছে।
ওই রিপোর্টের পূর্বাভাস, চলতি বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.২ শতাংশে পৌঁছতে পারে। বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের বাজারে অভ্যন্তরীণ চাহিদা রয়েছে এবং উৎপাদন ও পরিষেবা খাতে শক্তিশালী বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘ ভারতে বৃদ্ধির হার ৬.২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। কিন্তু জোড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে ধাক্কা এবং জলবায়ু পরিবর্তনের (এল নিনোর প্রভাব) কারণে এ বছরের পূর্বাভাসে তা সামান্য কমানো হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে ৭.৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৮.৮ শতাংশ। এ বারও ‘প্রকৃত ফল’ পূর্বাভাসের তুলনায় ভাল হবে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর।
উল্লেখ্য, করোনার জেরে ভারতের আর্থিক বৃদ্ধি থমকে যাবে বলেই মত প্রকাশ করছিলেন কোনও কোনও অর্থনীতিবিদ। কিছু সমীক্ষার ফলাফলেও সে ইঙ্গিত মিলছিল। যদিও রাষ্ট্রসংঘের এই সমীক্ষা কিন্তু সে ধারণার সঙ্গে ভিন্নমত পোষণ করছে। জানা যাচ্ছে, উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতেরই আর্থিক বৃ্দ্ধি দ্রুততম। অন্য বড় অর্থনীতিগুলি করোনার ধাক্কা এখনও সামলাতে পারেনি। রাষ্ট্রসঙ্ঘের ওই রিপোর্ট জানাচ্ছে, অতিমারি পরিস্থিতি এবং লকডাউনের ইতি ঘটার পরে চিনে বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব জুড়ে মূল্যবৃদ্ধির ধাক্কা। তবে ২০২৩ সালে মূল্যবৃদ্ধির হার তার আগের দু’বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে বলে ওই রিপোর্ট জানাচ্ছে। ২০২৪ সালে তা আরও কমে ৩.৯ শতাংশে পৌঁছতে পারে বলে রাষ্ট্রসংঘের রিপোর্টের পূর্বাভাস। আর তা সত্য হলে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ অনেকটাই বাড়ার আশা রয়েছে। – হিন্দুস্থান সমাচার/ কাকলি
