কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): পুজোর আয়োজন করতে গিয়েই বাজার দরের জেরে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। একে তো মাসের শেষে লক্ষ্মীপুজো, তার উপর সদ্য দুর্গাপুজো যাওয়ায় অধিকাংশ পরিবারেরই হাত ফাঁকা। এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছেন অনেকেই। চড়া দামে বিক্রি হচ্ছে ফল, ফুল থেকে শুরু করে সবজিও।
এবছরে লক্ষ্মীপুজো রয়েছে শনিবার। তার আগে বৃহস্পতিবার কিছুটা বাজার সারা হলেও, শুক্রবারে বাজার চলছে পুরোদমে। কিন্তু জিনিসপত্র ও আনাজপাতির দাম শুনে অনেকের মাথাতেই হাত পড়েছে। অগ্নিমূল্য দামে নমো নমো করেই ফল- ফুল, সবজি কিনছেন ক্রেতারা।
তবে শুধুমাত্র যে এই জিনিসগুলোর দাম চড়া রয়েছে তা নয়। দশকর্মার দোকানেও কিন্তু পকেট হালকা হচ্ছে সাধারণ মানুষের। ফলে ধনলক্ষ্মীর ব্রত পালন করতে গিয়ে মধ্যবিত্তের যে ভাঁড়ে মা ভবানী হওয়ার জোগাড়, তা বলাই বাহুল্য। এদিন বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? দেখে নেওয়া যাক।
কলকাতা ও শহরতলির খুচরো বাজারে নারকেলের প্রতি পিসের দাম রয়েছে ৫০- ৬০ টাকা, বড় আকারের আখের দাম রয়েছে ৪০-৪৫ টাকা, আপেলের প্রতি কেজিতে দাম রয়েছে ১২০-১৩০ টাকা। ছোট ও মাঝারি আকারের ডাবের প্রতি পিসের দাম রয়েছে ৪০ টাকা। সবচেয়ে চড়া দাম বিকোচ্ছে ন্যাসপাতি। প্রতি কেজিতে ন্যাসপাতির দাম রয়েছে ২৫০- ২৮০ টাকা। আঙুরের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০- ২৫০ টাকা পর্যন্ত। এছাড়া চড়া দামে বিকোচ্ছে তরমুজ, আনারসের মতো ফলও। তরমুজের প্রতি পিসের দাম রয়েছে ৪০ টাকা।
হিন্দুস্থান সমাচার/ অশোক
