ঢাকা, ৭ আগস্ট, (হি.স.): বাংলাদেশ সরকারের প্রথম ও প্রধান কাজ হল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিল তত্ত্বাবধায়ক সরকার। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ নির্বাচন ভালোভাবে আয়োজনের নির্দেশ দিয়ে মুহাম্মমদ ইউনুস বলেছেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।
দেখতে দেখতে বছর পেরিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ‘জুলাই বিপ্লবে’র বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস ঘোষণা করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশে সাধারণ নির্বাচন হবে।
শফিকুল আলম জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তাতে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের প্রক্রিয়াটি সম্পন্ন হল বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
