কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): মঙ্গলবার শুরু হচ্ছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। চলবে বুধবার পর্যন্ত। এই মুহূর্তে সরকারি দফতরগুলোয় প্রায় লাগাতার ছুটি চললেও বিজিবিএস-এর সঙ্গে সংপৃক্ত কর্মী-আধিকারিকদের ব্যস্ততা তুঙ্গে। কারণ, গোঠা উদ্যোগটি নিয়ন্ত্রণ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানী সম্মেলনে থাকার ব্যাপারে ইতিমধ্যেই পাকা কথা দিয়েছেন। একই সঙ্গে শিল্প সম্মেলনে থাকছেন হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি।
পাশাপাশি আইটিসি গ্রুপের সঞ্জীব পুরী, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পপতিও হাজির থাকবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।
উল্লেখ্য, এঁদের অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে। সম্মেলনের অতিথিদের গঙ্গাবিহার, আলিপুর জেল মিউজ়িয়াম ঘুরিয়ে দেখানোর বন্দোবস্তও করছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রের খবর, আদানি গোষ্ঠীর প্রতিনিধিরও থাকার কথা বিজিবিএসে। তবে গৌতম আদানি নিজে থাকবেন কি না, সে ব্যাপারে শনিবার পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। গত বার সম্মেলনে আদানি গোষ্ঠীর প্রতিনিধি হাজির ছিলেন। তা ছাড়া ইংল্যান্ড, ইতালি-সহ বেশ কিছু দেশের শিল্পপতি ও বণিকসভার প্রতিনিধিরাও হাজির হবেন দু’দিনের শিল্প সম্মেলনে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
