নর্থ ক্যারোলিনা, ২৮ সেপ্টেম্বর (হি.স.): শনিবার আমেরিকার নর্থ ক্যারোলিনার সাউথপোর্টে একটি ডকসাইড রেস্তোরাঁয় অজ্ঞাত আততায়ীদের গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যাচ্ছে, মৃতের সংখ্যা ৩, আহত ৮ জন। প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, রাত ১০টার দিকে সাউথপোস্টের অন্যতম জনপ্রিয় আড্ডাস্থল আমেরিকান ফিশ কোম্পানি রেস্তোরাঁর কাছে একটি নৌকা এসে থামে এবং রেস্তোরাঁয় ডিনার করার মুহূর্তে সেখানে থাকা কয়েকজনের উপর গুলিবর্ষণ করে আততায়ীরা। তারপরেই নৌকায় দ্রুত পালিয়ে যায়।
শনিবার রাত পর্যন্ত সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, জলপথে এসে যে নৌকা থেকে গুলি চালায়, তা ‘হোয়াইট সেন্টার কনসোল’ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ‘আমেরিকান ফিশ কোম্পানি’ রোস্তোরাঁয় প্রায়শই ব্যান্ডের কনসার্ট আয়োজন হয়। এদিনও সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ছিল কনসার্ট। ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
