চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (হি. স.): তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের জনসভায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। আহত হয়েছে ৫৮ জন। ঘটনা নজরে আসতেই বক্তৃতা থামিয়ে দেন টিভিকে প্রধান বিজয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী এবং ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজি বলেন, এখনও পর্যন্ত পদপিষ্ট হয়ে ৩১ জন মারা গেছেন এবং ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদপিষ্ট হওয়ার ঘটনার পর, মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন এবং জেলা কালেক্টর, এসপি এবং আমাকে হাসপাতালে ছুটে যাওয়ার নির্দেশ দেন, অতিরিক্ত ডাক্তার ডেকে যথাযথ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। আগামীকাল, মুখ্যমন্ত্রী নিজেই এখানে আসবেন। এখনও পর্যন্ত ৪৬ জন বেসরকারি হাসপাতালে এবং ১২ জন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন।
ভোটের জন্য তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে একটি জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিক দর্শকদের মধ্যে কোনও কারণে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। সূত্রের খবর, ওই জনসভায় মাত্রারিক্ত ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান কেউ কেউ। পদপিষ্টের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা তথা এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী টুইট করেছেন, কারুরে অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগাম পার্টির প্রচার সভায় ভিড়ের বিশৃঙ্খলার কারণে ২৯ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই খবরটি মর্মান্তিক এবং বেদনাদায়ক। প্রাণ হারানোদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
