কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার সকালে নটা নাগাদ দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ভ্যানে তোলা হয়। নেতাজী নগরের ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। ঘটনাস্থলে প্রায় হাঁটু সমান জল, আশপাশের এলাকা জলমগ্ন। প্রাথমিকভাবে এদিন পুলিশ জানিয়েছে, জলমগ্ন এলাকা থেকেই এক মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। চটজলদি দমকলবাহিনীর তরফেও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ ও দমকল যৌথভাবে মাঝবয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। তার পরনে প্যান্ট ছিল তবে গায়ে জামা ছিল না। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাঙুর হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহের পাশাপাশি তার ছেলেকেও সঙ্গে করে ডেকে নিয়ে যায় পুলিশ। এদিকে, এই ঘটনার খবর পৌঁছতে কলকাতা পুরসভায় মেয়রের প্রতিক্রিয়া – বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা অনেকগুলো ঘটেছে। বাড়ির নিচে মিটার ঘর বা রাস্তার ধারে দোকানে ফ্রিজ রয়েছে, এমন জায়গায় জল নামলে তবেই সেখানে যান। নচেৎ জলমগ্ন এলাকায় যাবেন না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
