আগরতলা, ১৬ অক্টোবর : চাকরির দাবিতে শিক্ষা ভবনে ফের ধরনা আন্দোলন সংগঠিত করেছেন ২০২২ সালের টেট-উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ডেপুটেশন দেওয়া সম্ভব হয়নি। বেকার যুবক-যুবতীদের মধ্যে রীতিমতো হতাশার সৃষ্টি হয়েছে। টেট-উত্তীর্ণ হওয়ার পরও তাঁদের শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে না। তাঁদের সাথে টালবাহানা করা হচ্ছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন বেকার যুবক-যুবতীরা।
প্রসঙ্গত, ২০২২ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৬১ জন বেকার যুবক-যুবতী। চলতি বছরের ৭ এবং ৮ আগস্ট তাঁদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে তাঁদেরকে নিয়োগ করার কথা। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে দাবি বেকার যুবক-যুবতীদের। তাঁদের বক্তব্য, কয়েকবার শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার সাথে দেখা করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছিলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। দরকার হলে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে বলা হয়। এদিকে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময় চাওয়া হলেও মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে কোনও সাড়া দেওয়া হচ্ছে না।
এই পরিস্থিতিতে বেকার যুবক-যুবতীরা অন্যান্য দফতপ্তরের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। সকলের একই বক্তব্য, মুখ্যমন্ত্রী যেহেতু শিক্ষা দফতরের দায়িত্বে রয়েছেন তাই তাঁরা যেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এই অবস্থায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। টেট-উত্তীর্ণ অনেক বেকার যুবক-যুবতীর চাকরির বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই যদি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হয় তা-হলে অনেক বেকার যুবক-যুবতীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।
