গুয়াহাটি, ২৫ আগস্ট (হি.স.) : বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য সৈয়দা সাইয়িদিন হামিদের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার ঘোষণা, ‘আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করবই।’
‘অসমে নাগরিকত্ব, উচ্ছেদ এবং মুসলমানদের সঙ্গে খারাপ আচরণ সংক্রান্ত পরিস্থিতির মূল্যায়ন’ করতে রাজ্যে এসেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ, হর্ষ মান্দার, রাজ্যসভার প্রাক্তন সদস্য জওহর সরকার সহ একটি হাইপ্রফাইল প্রতিনিধি দল। এই দলে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য তথা এবং গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সৈয়দা সাইয়িদিন হামিদও।
দলটির অভিযোগ, অসম সরকার বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে মুসলমানদের টার্গেট করছে। তারা বলছেন, ‘ভারতীয় মুসলমানদের বেআইনিভাবে রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে।’ প্রশান্ত ভূষণ অভিযোগ করেছেন, ‘অসম সরকার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, তাদের ভূমি থেকে উচ্ছেদ করছে, বেআইনিভাবে তাদের বাড়িঘর ভেঙে ফেলছে।’
তথাকথিত মূল্যায়নে এসে হামিদ এক ধাপ এগিয়ে অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে বিবৃতি দিয়ে বলেছিলেন, ‘তারা বাংলাদেশি হলে দোষ কী? বাংলাদেশিরাও তো মানুষ। পৃথিবী অনেক বড়; বাংলাদেশিরা এখানে থাকতে পারে। বাংলাদেশিদের অসমে বসবাসের অধিকার রয়েছে…। আল্লাহ এই পৃথিবীকে মানুষের জন্য তৈরি করেছেন, শয়তানের জন্য নয়।’
সৈয়দা সাইয়িদিন হামিদের এই বক্তব্যের কড়া ভাষায় সমালোচনা করে মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘গান্ধী পরিবারের ঘনিষ্ঠ আস্থাভাজন সৈয়দা হামিদের মতো লোকেরা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দেয়, কারণ তাঁরা অসমকে পাকিস্তানের অংশ করতে জিন্নার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।’ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তাঁর মতো লোকেদের নির্বিকার সমর্থনের জন্য অসমীয়া পরিচয় আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে।’
সপ্তদশ শতকের আহোম জেনারেল লাচিত বড়ফুকনের প্রসঙ্গ টেনে অসমের ঐতিহাসিক প্রতিরোধের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘আমরা লাচিত বড়ফুকনের ছেলে-মেয়ে, আমরা আমাদের রাজ্য ও আমাদের পরিচয় রক্ষার জন্য আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব।’
মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে তাঁর অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন, অসমে বাংলাদেশিদের স্বাগত জানানো হয় না, হবেও না, এটি তাদের ভূমি নয়। অসম অবৈধ অনুপ্রবেশকারীদের দখলের জন্য প্রস্তুত নয়, এখন নয়, কখনও নয়।’
সৈয়দার এই বিবৃতিকে কেন্দ্র করে গোটা অসমে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও তাঁর অবৈধ বাংলাদেশি-প্রীতিকে কটাক্ষ করে বিবৃতি দিয়েছেন। প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বহুজন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
