নয়াদিল্লি, রাজধানী দিল্লীতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির শাহদারার শাস্ত্রী নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ ৪ জনের। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃতদের নাম – মনোজ (৩০) ও তাঁর স্ত্রী সুমন (২৮) এবং দম্পতির ৫ ও ৩ বছরের দুই মেয়ে।
বৃহস্পতিবার সকালে ডিসিপি সুরেন্দ্র চৌধুরী বলেন, আনুমানিক বৃহস্পতিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ গীতা কলোনি থানায় ফোন করে জানানো হয় এই অগ্নিকাণ্ডের বিষয়ে, সেই অনুযায়ী স্থানীয় পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স এবং পিসিআর ভ্যান ঘটনাস্থলে পৌঁছয়। ৯ জনকে উদ্ধার করা হয় এবং সবাইকে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ওই বাড়িটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের সার্কিট রুমে গাড়িতে আগুন লাগে। সেখানে কিছু শিশু এবং প্রাপ্তবয়স্ক ছিল… তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরে দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা।
