কলকাতা, ১৪ মার্চ : এসে গেল ১৭তম আইপিএল। এবারও আইপিএল শুরু হওয়ার আগে সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবারের মতো এবারও বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে সমস্যায় পড়েছেন। এবার যেমন বেন স্টোকস, জেসন রয় এবং হ্যারি ব্রুকদের মতো তারকা ক্রিকেটাররা আইপিএলে নাম লিখিয়েও নাম তুলে নিয়েছেন। এনিয়ে এবার একাধিক ফ্র্যাঞ্চাইজি বোর্ডের কাছে অভিযোগ করেছে।
এবার আইপিএল শুরুর মুখে ইংলিশ ক্রিকেটাররা ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন। জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সময়টা বেন স্টোকস, জেসন রয়রা তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। এছাড়া গাস আটকিনসন, মার্ক উড আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ইসিবি জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আটকিনসন ও মার্ক উডকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কেকেআর আটকিনসনের পরিবর্তে শ্রীলঙ্কার দুশমন্ত চামিরাকে নিয়েছে। জেসন রয়ও এর জায়গায় ফিল সল্টকে নিয়েছে কেকেআর। ইংল্যান্ডের মার্ক উডও এর বদলে লখনউ নিয়েছে শেমার জোসেফকে।
গতবার থেকেই দেখা যাচ্ছে আইপিএল শুরুর আগেই এক এক করে ইংল্যান্ডের ক্রিকেটাররা সরে যাওয়ায় প্রশ্ন উঠেছে, তা হলে কি আইপিএলে মোহভঙ্গ হয়েছে ইংরেজ ক্রিকেটারদের। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছে। ২০২৫ সালের আইপিএলের নিলামের সময় আর কোনও ফ্র্যাঞ্চাইজি যাতে ইংল্যান্ডের ক্রিকেটারদের নেওয়ার দিকে না ঝোঁকে সে নিয়ে চিন্তাভাবনা চলছে।
