তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২১ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়ায় ১০ দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী শেষ হয়েছে। তবে সরকারি কোষাগার থেকে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করেও মেলার জাম্বো আয়োজক কমিটি ভিড় বা ক্রেতা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের আর্থিক সহায়তায় তেলিয়ামুড়া মহকুমার পুরাতন হাসপাতালের মাঠে ১১ ফেব্রুয়ারি থেকে ১০ দিনব্যাপী হস্ততাঁত শিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যের মোট ৪০ জন বিক্রেতা মেলা প্রাঙ্গণে তাঁদের প্রদর্শনী স্টল খুলেছিলেন। কিন্তু ক্রেতা না থাকায় আশানুরূপ মুনাফা করতে পারেননি দোকানিরা। এর পেছনে বড় কারণ হিসেবে বলা হচ্ছে, আয়োজক কমিটির অসাধু ভূমিকা। কমিটি মেলার প্রচারে কোনও কর্ণপাত না করলেও মেলা শুরুর একদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিল। যার দরুন অনেকেই এ ব্যাপারে কোনও তথ্য বা খবর পাননি।
যদিও মেলা প্রাঙ্গণে ২ লক্ষ টাকা ব্যয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাও ক্রেতা বা ভিড় আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। কাশ্মীর সহ বহিঃরাজ্যের ব্যবসায়ীরা দর্শনার্থীদের অভাবের ফলে দ্বিতীয় দিনই তাদের স্টল গুটিয়ে ফেলেছিলেন।
এদিকে, স্থানীয় একাংশের অভিযোগ, মেলা উপলক্ষ্যে গঠিত কমিটির সদস্যরা বিপুল লাভের মুখ দেখেছেন।
