ওল্ড ট্রাফোর্ড, ২৭ জুলাই (হি.স.) : ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ইনিংস শুরুর আগে ৩১১ রানে পিছিয়ে ভারত। ইনিংসের শুরুতেই বিপর্যয়। এক ওভারেই ২ উইকেট। স্কোর বোর্ডে কোনও রান নেই। ক্রিস ওকস টানা দুই বলে তুলে নিলেন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে। মনে হচ্ছিল চতুর্থ দিনেই না ইনিংস শেষ হয়ে যায়।
এই অবস্থা থেকে ভারতকে উদ্ধার করলেন লোকেশ রাহুল ও অধিনায়ক শুভমান গিল। ১৭৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে অন্তত শেষ দিনে নেওয়ার কাজটা করেছেন দুজন। রাহুল ৮৭ রানে ও অধিনায়ক গিল ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
ইংল্যান্ডকে আবার ব্যাট করাতে পাঠাতে হলে আরও ১৩৭ রান দরকার ভারতের।
এর আগে ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড, শনিবার আরও ১২৫ রান করে অলআউট হয়। ৭৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দুই বছর পর প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। একই ম্যাচে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরির যুগল কীর্তি গড়া স্টোকস ১৪১ রান করে ফিরেছেন নবম ব্যাটসম্যান হিসেবে। ১০ নম্বর ব্যাটসম্যান ব্রাইডন কার্সকে (৪৭) নিয়ে দশম উইকেটে ৯৫ রান যোগ করেন স্টোকস।
ম্যাচটি জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই বেন স্টোকসরা অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিটা জয় করে নেবে।
১৪৩ রানে ৪ উইকেট নেন ভারতের বাঁহাতি এই অলরাউন্ডার জাদেজা। ওয়াশিংটন সুন্দর নেন
২ উইকেট। আর টেস্ট কেরিয়ারে প্রথমবার একশ বা এর বেশি রান দিয়েছেন বুমরাহ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
