লন্ডন, ১৬ জানুয়ারি (হি.স.): সদ্য বিদায় নেওয়া ২০২৩ সালের ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার দেওয়া হয়েছে ৮টি ক্যাটাগরিতে। তবে ছেলেদের ‘দ্য বেস্ট’ কে হবেন, তা নিয়ে আগ্রহই বেশি। মেসি সেই পুরস্কারটা হল্যান্ডকে হারিয়ে পেয়েছেন। অন্যান্য বিভাগে এবার সেই পুরস্কার কারা পেলেন।
মেয়েদের ফিফা ‘দ্য বেস্ট’ আইতানা বোনমাতি:
স্পেনের হয়ে এবারের বিশ্বকাপজয়ী বোনমাতির হাতেই উঠল মেয়েদের ‘দ্য বেস্ট’ বর্ষসেরার ট্রফি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো ও বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো।
ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচ পেপ গার্দিওলা:
এটা হওয়ারই কথা ছিল। গত মরসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ‘ট্রেবল’ জিতেছিলেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের হাতেই উঠল ছেলেদের ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি ও ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি।
মেয়েদের ‘দ্য বেস্ট’ কোচ সারিনা ভাইগমান:
ইংল্যান্ড মেয়েদের ফুটবল দলের কোচ সারিনা ভাইগমানের হাতে উঠেছে ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় তাঁর সঙ্গে ছিলেন বার্সেলোনা দলের কোচ জোনাতান গিরাল্দেজ ও চেলসির কোচ এমা হেইস।
ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপার এদেরসন:
ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের হাতে উঠেছে ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় তাঁর সঙ্গে ছিলেন মরক্কো ও আল হিলালের গোলকিপার ইয়াসিন বুনু এবং রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া।
ফিফা ফেয়ারপ্লে পুরস্কার ব্রাজিলের:
বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালি অবস্থানের জন্য ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল ছেলেদের জাতীয় দল। পুরস্কারটি নিতে মঞ্চে উঠেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রাইটব্যাক কাফু।
মেয়েদের ‘দ্য বেস্ট’ গোলকিপার মেরি আর্পস:
টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস।
পুসকাস পুরস্কার জিতেছেন ব্রাজিলের গিলের্মে মাদুরগা:
ব্রাজিলিয়ান ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলা গিলের্মে মাদুরগা জিতেছেন সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড বোটাফোগো-এসপির এই খেলোয়াড়ের বাইসাইকেল কিকে করা গোলটি সেরা বিবেচিত হয়েছে ভোটের মাধ্যমে।
সেরা সমর্থক আর্জেন্টিনার:
ফিফা ফ্যান পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ক্লাব কোলনের সমর্থক হুগো দানিয়েল ইনিগুয়েজ। গত বছর আর্জেন্টিনার শীর্ষ লিগে বারাকাস-কোলন ম্যাচে নিজের বাচ্চা শিশুকে বোতলে দুধ খাওয়াতে খাওয়াতে ম্যাচ দেখছিলেন এই সমর্থক।
হিন্দুস্থান সমাচার /শান্তি
