আমেদাবাদ, ১৯ নভেম্বর (হি.স.): আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিশ্বকাপের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘণ্টার মধ্যেই। এবার নিয়ে ভারতীয় দল চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে টিম ইন্ডিয়া ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল, আর ২০০৩ ফাইনালে সৌরভের ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। আজ তৃতীয় খেতাবের লক্ষ্যে দুপুর দুটোর সময় মাঠে নামবে রোহিতের নেতৃত্বে ভারত।
অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুরুতে দুই ম্যাচ হেরেছিল। এনিয়ে অনেকেই ভেবেছিল এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া বিদায় নিচ্ছে। কিন্তু তা হয়নি। তারা ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আজ ২০০৩ সালের চ্যাম্পিয়ন দল রিকি পন্টিংয়ের সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য নিয়েই মাঠে নামবে রোহিতের বাহিনী।
হেড টু হেড:
মাঠে নামার আগে দুটি দল মোট ১৫০বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮৭টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, এই লড়াইয়ে ৫৭টি জয় পেয়েছে ভারত। ১০টি ম্যাচের কোন ফলাফল পাওয়া যায়নি। তবে এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। সেই লড়াইটা জিতে নেয় রোহিত শর্মার দল।
পিচ রিপোর্ট:
এই মাঠের পিচ প্রথম থেকেই ব্যাটারদের সাহায্য করে। বল ঠিকঠাক ব্যাটে আসার কারণে শট ভাল খেলা যায়। মাঠ বিশেষ বড় নয়, তাই চার ছয় মারা এই মাঠে বেশ সোজা।
আর এই স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। তাই বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে।
টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাট করতে পারেন। সেক্ষত্রে প্রথমে বড় রান করে বিপক্ষ দলকে চাপের মধ্যে ফেলে দেওয়া যায়।
কেমন থাকবে আবহাওয়া:
ম্যাচের সময় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা আছে। সেই সঙ্গে আজ আদ্রতা থাকবে ৪২ শতাংশ।আবহাওয়া রিপোর্ট অনুযায়ী খেলার সময় বৃষ্টির সম্ভাবনা নেই। এর পাশাপাশি ম্যাচের সময় ১০ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। তাই টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত।
হিন্দুস্থান সমাচার /শান্তি
