অংশগ্রহণ দেশের ২১৫-এর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪,৫০০ জন নানা ইভেন্টের খেলোয়াড়ের
গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগসিং ঠাকুর, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী নন্দিতা গারলোসা প্ৰমুখ বহু দিগগজ ব্যক্তিত্ব ও অসংখ্য ক্রীড়াপ্রেমী জনতা, মায় ২১৫-এর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪,৫০০ জন নানা ইভেন্টের খেলোয়াড়ের উপস্থিতিতে আজ সোমবার সন্ধ্যা ছয়টায় সরুসজাই প্রকল্পের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ‘চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ অষ্টলক্ষ্মী সংস্করণ’-এর জমকালো উদ্বোধন হয়েছে।
কার্যত ভার্চুয়ালি ‘চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ অষ্টলক্ষ্মী সংস্করণ’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই মেগা স্পোর্টিং ইভেন্ট আয়োজনের জন্য অসম সরকার এবং রাজ্যের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
উদ্বেধনী অনুষ্ঠান শুরু হয় অঙ্গরাগ পাপন মহন্তের সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়া অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে অসম সহ উত্তরপূর্বীয় জাতি-জনগোষ্ঠীর লোকসংগীত, পরম্পরাগত সংগীত, বিহু, বাগুরম্বা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য জুড়ে বিস্তৃত ক্রীড়ানুষ্ঠান আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ক্রীড়ামোদী জনতাকে তাঁদের উৎকৃষ্ট ক্ৰীড়া প্ৰদৰ্শনেৰ মাধ্যমে মোহিত করবেন উত্তর-পূর্বাঞ্চল সহ সারা দেশের ২১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪,৫০০ জন নানা ইভেন্টের খেলোয়াড়৷
প্ৰসঙ্গত, ‘চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ অষ্টলক্ষ্মী সংস্করণ’-এর জমকালো উদ্বোধন আজ হলেও শনিবার সরুসজাই স্টেডিয়ামে পুরুষ-মহিলা শাখার কাবাডি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। শনিবার থেকে বিভিন্ন ইভেন্ট যেমন বাস্কেটবল, মহিলা ফুটবল, রাগবি, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন, হকি, ফেন্সিং, কাবাডি, টেনিস, মল্লখাম্ব, জুডো, টেবিল টেনিস প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
এবারের ‘চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ অষ্টলক্ষ্মী সংস্করণ’-এ ২০টি ইভেন্টের প্রতিযোগিতায় ২৬২টি সোনা, ২৬৩টি রূপা এবং ২৯৭টি ব্রোঞ্জ পদকের জন্য প্রায় ৪,৫০০ জন ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুয়াহাটি, আগরতলা, আইজল সহ উত্তর-পূর্বাঞ্চলের সাতটি শহরে ১৮টি স্থানে ‘চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
