ভেনেজুয়েলা, ৯ ফেব্রুয়ারি : অলিম্পিক বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ল ব্রাজিল। ভেনেজুয়েলার বিরুদ্ধে জয়টা খুব সহজেই আসেনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোল করে অলিম্পিকের আশা বাঁচিয়ে রাখল সেলেসাওরা। ভেনিজুয়েলার কারাকাসে বৃহস্পতিবার রাতে হওয়া অলিম্পিক বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন মরিসিও এবং গিলের্মে বিরো। ভেনিজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেছেন বলিভার।
ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে লড়াই করেছে ভেনেজুয়েলা। ৫৭ মিনিটে মরিসিও-র গোলে এগিয়ে যায় ব্রাজিল। স্বাগতিকরা সমতা ফেরায় ৬৭ মিনিটে বলিভারের গোলে। এরপর পয়েন্ট হারানোর শঙ্কা যখন ঘিরে ধরছিল ব্রাজিলকে ঠিক তখনই জয়সূচক গোল করেন গিলের্মে বিরো। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জেতে, সেক্ষেত্রে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া কোনও বিকল্প নেই আর্জেন্টিনার। অলিম্পিকে জায়গা পেতে হবে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে আলবিসেলেস্তিদের।
