প্যারিস: গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদ জানাচ্ছে সারাবিশ্ব। অনেকেই ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার ইসরায়েলকে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গতকাল জানিয়ে দিয়েছে,আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই। অলিম্পিক কমিটি মনে করছে, গাজায় ইসরায়েল–ফিলিস্তিন দ্বন্দ্ব আর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দুটো জিনিস সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই রাশিয়াকে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করা হলেও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। প্যারিস অলিম্পিক আসন্ন। অলিম্পিকের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে ৩ দিনের সফরে প্যারিসে গেছেন অলিম্পিক সমন্বয় কমিটির প্রধান পিয়েরে-অলিভিয়ের বেকার্স-ভিউজা। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি অগ্রহণযোগ্য।’
