প্যারিস, ৩১ অক্টোবর (হি.স.): এবারের ব্যালন ডিওর লড়াইয়ে এগিয়ে ছিলেন দু’জন, শেষ পর্যন্ত আর্লিং হলান্ডকে পেছনে ফেলে ব্যালন ডি’র জিতে নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসিরই এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল। সেটাই হলো। বর্ষসেরার পুরস্কারটি তিনিই আরও একবার জিতে নিলেন।
প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হল ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’র ২০২৩। এই নিয়ে অষ্টমবারের মতো পুরস্কারটি জিতলেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ফুটবলের আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনাল্ডো। মেয়েদের ব্যালন দ’র জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। প্রথমবারের মতো পুরস্কারটি জিতলেন তিনি। গত অগাস্টে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখে গোল্ডেন বল পেয়েছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
