রিও ডি জেনিরো, ২৫ ডিসেম্বর(হি.স.): দেশের ফুটবল সংস্থায় আদালতের হস্তক্ষেপের জেরে বড় রকমের শাস্তি হতে পারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। পেলে, নেমারের দেশকে নিলম্বিত করার হুঁশিয়ারি দিয়েছে ফিফা। যদি ব্রাজিলকে শাস্তি দেয়া হয় তা হলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে পারে তারা।
ফিফা একটি চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছে যে সংস্থার সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ়কে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা এই মুহূর্তে বন্ধ করতে হবে। এখনই এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। যদি এই নির্দেশের পরেও রদ্রিগেজ়কে সরিয়ে নেওয়া হয় তা হলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা।
গত বছর ব্রাজিল ফুটবল সংস্থায় নির্বাচনে বেনিয়মের অভিযোগে রদ্রিগেজ় ও তাঁর কমিটির বাকিদের সরিয়ে দেয় রিয়ো ডি জেনেইরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ়। কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।
ফুটবল সংস্থায় সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনও রকমের হস্তক্ষেপ ফিফা বরদাস্ত করে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।
এ ব্যাপারে ফিফা ও কনমেবল একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখতে আগামী ৮ জানুয়ারি এই কমিটির সদস্যেরা ব্রাজিলে যাবেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
