কলকাতা, ২৫ আগস্ট (হি.স.) : স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। এই অষ্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকার জন্ম ২৭ আগস্ট। যিনি দ্য ডন নামে অভিহিত। তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্র্যাডম্যানের খেলোয়াড় জীবনের টেস্ট ব্যাটিং গড় ৯৯.৯৪ ছিল, যা যেকোনও ক্রীড়াবিদের যে-কোন বড় ধরনের ক্রীড়ায় সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তাঁর টেস্ট অভিষেক ৩০ নভেম্বর, ১৯২৮ ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ টেস্ট খেলেছেন ১৮ আগস্ট ১৯৪৮, ইংল্যান্ডের বিরুদ্ধে।
টেস্ট খেলেছেন ৫২টি, রান করেছেন ৬৯৯৬, সেঞ্চুরি করেছেন ২৯টি, অর্ধ সেঞ্চুরি ১৩টি। সর্বোচ্চ রান ৩৩৪,
ব্যাটিং গড় ৯৯.৯৪।
টেস্ট খেলা থেকে তার অবসরের প্রায় ৫০ বছর পর ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তাকে সর্বশ্রেষ্ঠ জীবিত অস্ট্রেলীয় হিসেবে অভিহিত করেন। ব্র্যাডম্যানের ছবি ডাকটিকিট ও মুদ্রায় সংযুক্ত হয় এবং তার জীবদ্দশাতেই তাকে উৎসর্গীকৃত একটি জাদুঘর চালু করা হয়। ২০০৮ সালের ২৭ আগস্ট তার জন্ম শতবার্ষিকীতে রয়্যাল অস্ট্রেলিয়ান মিন্ট ব্র্যাডম্যানের চিত্র সংবলিত $৫ স্বর্ণ মুদ্রা প্রকাশ করে। ২০০৯ সালে আইসিসি ক্রিকেট হল অব ফেমে মরণোত্তর তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
১৯৪৯ সালে অর্জন করলেন ‘নাইটহুড’। উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের পুরস্কারটি একাই দশবার এবং গ্যারি সোবার্স আটবার লাভ করেছিলেন। এছাড়া, অন্য কোন খেলোয়াড়ই তিনবারের বেশি লাভ করতে পারেননি। ২০০০ সালে শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলে তাকে অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
২৫ ফেব্রুয়ারি, ২০০১ তারিখে ৯২ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ডোনাল্ড ব্র্যাডম্যানের দেহাবসান ঘটে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
