রোজ বোল, ২৪জুন(হি.স.): ফিফা ক্লাব বিশ্বকাপে অবশেষে ব্রাজিলিয়ান কোনও ক্লাব হারের মুখ দেখল। সোমবার (২৩ জুন) রাতে স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে গেছে বোতাফোগো। ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারিয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আতলেটিকোকে।
রোজ বোল স্টেডিয়ামে ম্যাচে আধিপত্য দেখিয়েছে স্পেনের ক্লাবটি। পুরো ম্যাচে ২৩টি শট নিয়েছে সিমিওনের দল। প্রথম হাফে কোনও গোল হয়নি।
দ্বিতীয় হাফে দুই দলই পরিবর্তন আনে। তবে তাতেও কাজ হয়নি । শেষ পর্যন্ত ম্যাচের ৮৭ মিনিটে বোতাফোগোর ডিফেন্স ভাঙতে সক্ষম হয় আতলেটিকো। ডি-বক্সের ভেতরে আলভারেজের পাস থেকে গোল করেন ফরাসি তারকা গ্রিজম্যান। এই গোলই ম্যাচের জয় পরাজয়ের মীমাংসা করে দেয়। আর এর মধ্য দিয়েই চলমান ক্লাব বিশ্বকাপে প্রথম কোনও দল ব্রাজিলিয়ান ক্লাবকে হারাল।
তবে বোতাফোগোকে হারিয়েও শেষ ষোলোতে যেতে পারেনি আতলেটিকো। ৩ ম্যাচ শেষে পিএসজি, বোতাফোগো এবং আতলেটিকোর সমান ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। দ্বিতীয় হয়েছে বোতাফোগো এবং তিনে থেকে আসর থেকে বিদায় নিয়েছে আতলেটিকো মাদ্রিদ। আর ৩ ম্যাচে তিনটিতেই হেরেছে সিয়াটেল সাউন্ডার্স।
এদিকে পিএসজি নিজেদের শেষ ম্যাচে সিয়াটেল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ফরাসি ক্লাবটির হয়ে গোল করেছেন হাকিমি এবং খভিচা ভারাস্টকেলিয়া।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
