থিম্পু, ২০ আগস্ট (হি.স.) : বুধবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৭-০ গোলে হারিয়ে ভারতীয় মহিলা দল তাদের সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫ অভিযানের সূচনা করেছে। অভিস্তা বাসনেটের জোড়া গোল এবং নীরা চানু লংজাম, অনুষ্কা কুমারী এবং জুলান নংমাইথেমের একটি করে গোলের সুবাদে বিরতির সময় ইয়ং টাইগ্রেসেস ৫-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর নীরা তার দ্বিতীয় গোলটি করেন এবং অনুষ্কাও ম্যাচের দ্বিতীয় গোলটি করেন।
সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপের এই সংস্করণটি ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাটে হচ্ছে, যেখানে চারটি দল অংশ নিচ্ছে। অন্য দুটি দল হল বাংলাদেশ এবং ভুটান – প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। এবারের টুর্নামেন্টটি দ্বিতীয় সংস্করণ। প্রথম আসরটি হয়েছিল ২০২৩ সালে, যেখানে আমন্ত্রিত রাশিয়া অপরাজিত থেকে শিরোপা জিতেছিল। বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ভারত তৃতীয় স্থানে ছিল। ভারতীয় দলের কোচ হচ্ছেন সুইডিশ জোয়াকিম আলেকজান্ডারসন। যিনি সম্প্রতি দুই দশক পর জাতীয় দলকে এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
