কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস, কিংসটনে জন্মগ্রহণকারী (২৭/১২/১৯৮৬) জামাইকার ট্র্যাক এন্ড ফিল্ড স্প্রিন্টার। মাত্র ২১ বছর বয়সে চিনের ২০০৮-এ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০ মিটারে স্বর্ণপদক জয় করেন। আর এই সাফল্যে প্রাইস ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ১০০ মিটারে প্রথম স্বর্ণজয়ী মহিলা ক্রীড়াবিদের সম্মান অর্জন করেন। এছাড়া লন্ডনে ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকেও ১০০ মিটারে স্বর্ণ জয় করে বিশ্বের তৃতীয় এবং আমেরিকার বাইরে ১ম মহিলা হিসেবে ধারাবাহিকভাবে দু’টি সোনাজয়ের ইতিহাস গড়েছিলেন।
এছাড়া ২০০৯ ও ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে স্বর্ণপদক জয় করেন ফ্রেজার। গেইল ডেভার্সের পর তিনিই বিশ্বের দ্বিতীয় মহিলা স্প্রিন্টার হিসেবে বিশ্ব ও অলিম্পিকের ১০০ মিটারের শিরোপা লাভ করেন। ১০০ মিটারে বিশ্বের সর্বকালের দ্রুতগামী শীর্ষ ২৫ মহিলা দৌঁড়বিদের মধ্যে তার অবস্থান চতুর্থ। বিশ্ব অ্যাথলেটিক্সএর এই ট্রাকের রানী ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ইউনিসেফের শুভেচ্ছা দূত মনোনীত হন। বুধবার ৩৭-তম জন্মদিনে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে স্মরণ করছে গোটা বিশ্ব।
হিন্দুস্থান সমাচার /শান্তি
