লন্ডন, ১৫ জুলাই (হি.স.): অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির বাকি দুটি টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশির।
লর্ডস টেস্টের তৃতীয় দিনে নিজের বোলিং থেকে বল আটকানোর চেষ্টা করার পর বশির চোট পান। তৃতীয় ইনিংসে বশির ব্যাট করেন, আর ভারতের চতুর্থ ইনিংসে ছয় ওভার বোলিং ও করেন, যদিও শেষ দিনের বেশিরভাগ সময় মাঠে নামেননি। বশির ইনিংসের শেষ সিরাজের উইকেটটি নিয়ে ইংল্যান্ডের ২২ রানের জয় নিশ্চিত করেন।
বশির এখন পর্যন্ত সিরিজের তিনটি টেস্টই খেলেছেন। ইংল্যান্ডের হয়ে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, ১০ উইকেট নিয়ে, যদিও তাদের গড় ৫৪.১০। ইংল্যান্ড আগামী কয়েক দিনের মধ্যে বশিরের পরিবর্তে একজন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। তৃতীয় টেস্ট জয়ের পর ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে খেলবে তারা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
