ম্যানচেস্টার, ১৭ আগস্ট (হি.স.) : জয় দিয়ে অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি। নতুন মরসুমে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এর বিরুদ্ধে।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রথমার্ধে হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রেইডার্স। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। এরপর হলান্ডের বদলি নেমে প্রিমিয়ার লিগে অভিষেকেই জালের দেখা পেলেন হায়ান শের্কি।
ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রায় ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৫টি। যার মধ্যে সিটি লক্ষ্যে রাখতে পারে ৪টি এবং এই চারটি শট থেকেই গোল পায় সিটি। আর উলভারহ্যাম্পটনের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।
ম্যাচের আগে নানা আয়োজনে স্মরণ করা প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে। লিভারপুলের আগে দিয়োগো জটা উলভারহ্যাম্পটনের হয়ে খেলেছিলেন।
তাছাড়া এদিন ব্রাইটন ও ফুলহ্যাম ১-১ এবং অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
