জোহানেসবার্গ, ১৭ ডিসেম্বর (হি.স.):দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের পর আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ওডিআই ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে।টি-টোয়েন্টি সিরিজে জিততে পারেনি মেন ইন ব্লু। ৩ ম্যাচের টি-২০ সিরিজ অমিমাংসিত থেকেছে ১-১তে। একমাস আগে ওডিআই ৫০ ওভারের ক্রিকেট ভারত খেলেছিল একদিনের বিশ্বকাপের ফাইনালে। এরপর ভারত আবার ফিরছে একদিনের ম্যাচে। ৩ ম্যাচের এই ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। একদিনের সিরিজ দিয়ে জোহানেসবার্গএ আজ অভিষেক হতে পারে আইপিএলে নজর কাড়া তরুণ তুর্কি সাই সুদর্শনের। এমার্জিং এশিয়া কাপেও তিনি ভালো খেলেছিলেন। আজ তাঁকে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে। উল্লেখ্য,এই প্রথম বার জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাই। টেস্ট স্কোয়াডেও রয়েছেন সুদর্শন।এখন পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এই দুই দেশ মোট ৯১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৩৮ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০। আর ৩টি ম্যাচে মীমাংসা হয়নি।ভারতীয় সময় অনুসারে প্রথম ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে।দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।হিন্দুস্থান সমাচার /শান্তি
