কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুম কাটলেই রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবছর একটু আগেভাগেই এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার।
নভেম্বরের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হবে নিউটাউনের কনভেনশন সেন্টারে। সূত্রের খবর, তার আগে শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তেমনই পরিকল্পনার খবর মিলছে নবান্ন সূত্রে। তবে দিনক্ষণ, স্থান এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।
প্রতি বছরই পুজোর পর সকলকে নিয়ে বিজয়া সম্মিলনী করেন মুখ্যমন্ত্রী। সাধারণত তা হয়ে থাকে নিউটাউনের ইকো পার্কে। তবে এবার সেই স্থান বদলাতে পারে বলে খবর। ইকো পার্কের বদলে তা হতে পারে আলিপুর জেল মিউজিয়ামে।
এবারের বিজয়া সম্মিলনী শুধুমাত্র মন্ত্রী-বিধায়কদের নিয়েই নয়। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, এবছর শিল্পপতিদের জন্যই হোক বিজয়া সম্মিলনী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিজয়া সম্মেলনে তাঁদের সঙ্গে একপ্রস্ত জনসংযোগ করে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে নবান্নের তরফে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
