খড়িবাড়ি, ১২ আগস্ট (হি. স.) : বাংলাদেশের নাগরিককে জাল আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যাংককর্মীকে গ্রেফতার করা হল । জানা গিয়েছে, ধৃতের নাম সোমেশ বর্মন। বাড়ি কোচবিহার জেলার হলদিবাড়িতে। সেখান থেকেই ধৃতকে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে মোহন্ত বর্মন নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে এসএসবি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আধার কার্ড। এরপর এসএসবি ও পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মোহন্তকে আধার কার্ড বানিয়ে দিয়েছিল হলদিবাড়ির ব্যাংককর্মী সোমেশ বর্মন। ধৃত সোমেশ ব্যাংককর্মী হিসেবে কাজ করার পাশাপাশি এই জাল আধার কার্ড তৈরির কাজও করত। মঙ্গলবার দুপুরে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে জাল আধার কার্ড তৈরির চক্রের কিনারা করতে চাইছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি
