বাঁকুড়া, ২৩ জুলাই(হি.স.): তালাবন্ধ বাড়িতে চুরির অভিযোগে বড়জোড়া থানার কেঠারডাঙ্গা ও আশ্রমপাড়া এলাকা থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনা ও রুপোর গলানো গহনা সহ একাধিক চুরির সামগ্রী। ধৃতদের বুধবার বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে খবর, বিগত কয়েক মাস ধরে বড়জোড়া থানার বিভিন্ন এলাকায় মালিকের অনুপস্থিতিতে তালাবন্ধ বাড়িতে চুরির একাধিক ঘটনা ঘটছিল। তালা ভেঙে গৃহস্থের সোনা-রূপো ও নগদ টাকা চুরি যাচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বড়জোড়া থানার পুলিশ। বাঁকুড়া সদর থানার পুলিশের সহায়তায় কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খড়ু এবং জগদীশ দাস ওরফে লুলুকে গ্রেফতার করা হয়। ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা গয়না কিনে নেওয়া ব্যবসায়ী ছোটন পালকেও গ্রেফতার করা হয়েছে। তিনি বিবেকানন্দপল্লির বাসিন্দা।
এদিন পুলিশ আরও জানান , ধৃতদের হেফাজত থেকে প্রায় ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রূপোর গলানো অলঙ্কার উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। তদন্ত এখনও চলছে। পুলিশের দাবি, এই চক্রটি বড়জোড়া শহরের একাধিক চুরির ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিল।
—————
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট
