কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : দীপাবলি উপলক্ষে কলকাতা মহানগর সহ গোটা রাজ্যে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে কালীপুজো, ভাইফোঁটা কাটতে না কাটতেই ফের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। আর এই নিম্নচাপ শীতের কাঁটাও হতে পারে। মঙ্গলবার থেকেই বাড়বে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রবিবার সকালে আবহাওয়া দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি, যেখানে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে মাত্র এক ডিগ্রি কম ২৯.৮ ডিগ্রী সেলসিয়াস। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা ঠান্ডা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার এর মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের অভিমুখে এগোবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। তার প্রভাবে বুধবার থেকে রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে একই আবহাওয়া।
হিন্দুস্থান সমাচার / সোনালি
