নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): রাজধানীর একাধিক স্কুলে বোমা হামলার হুমকি পাওয়ার পরে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি সরকারের সমালোচনা করলেন। সোমবার তিনি দাবি করেন যে, বিজেপির চার ইঞ্জিন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে।
কেজরিওয়াল এক্স–এ লিখেছেন, দ্বারকায় দিল্লি পাবলিক স্কুল-সহ বেশ কয়েকটি স্কুল আজ আবারও বোমা হামলার হুমকি পেয়েছে। দিল্লির স্কুলগুলো বারবার এই ধরনের হুমকি পাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কাউকে ধরা হয়নি এবং কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি দিল্লিও সামলাতে পারছে না, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতিও সামলাতে পারছে না। বিজেপির চার ইঞ্জিন সরকার দিল্লিতে সম্পূর্ণ ব্যর্থ।
প্রসঙ্গত, দিল্লি পাবলিক স্কুল, মর্ডান কনভেন্ট স্কুল এবং শ্রী রাম ওয়ার্ল্ড স্কুলে ইমেলে হুমকি পাঠানো হয়। এর ফলে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি স্কুল প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
