নারায়ণপুর, ৯ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় শনিবার সকালে প্রকাশ্য দিবালোকে এক দলিত নেতাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল নকশালরা। শনিবার সকালে নকশাল প্রভাবিত ছোটেডোঙ্গার থানা এলাকার অধীনে শীতলা মাতার মন্দির থেকে পুজো করে ফেরার সময় আচমকাই নকশালরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দলিত নেতার নাম কোমল মাঞ্জি।
জানা গিয়েছে, গত এক মাসে নকশালরা একইভাবে প্রকাশ্য দিবালোকে তিনজনকে হত্যা করেছে। এর আগে বিজেপির জেলা সহ-সভাপতি সাগর সাহু এবং রতন দুবেও নকশালদের হাতে খুন হন। বিজেপির সঙ্গে যুক্ত দলিত নেতা কোমল মাঞ্জিকে হত্যার পর নকশালরা ঘটনাস্থলে একটি লিফলেট ফেলে যায়। সেই লিফলেটে লেখা ছিল, ছোটেডোঙ্গার গ্রামের মুন্ডাটিকারার বাসিন্দা কোমল আমাদের একটি মাইনের দালালি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, ওকে আমরা মৃত্যুর সাজা দিলাম, খনির দালালি, সরকার ও সাম্রাজ্যবাদীদের দালাল হয়ে যেও না, নইলে মৃত্যু নিশ্চিত।
কোমল মাঞ্জি শনিবার সকাল ১০.৩০ নাগাদ ছোটডোঙ্গারের শীতলা মন্দির দর্শন করে ফিরে আসার সময় নকশালদের ছোট অ্যাকশন দল তাঁকে প্রথমে থামায় এবং তারপর আঘাত করে তাঁকে হত্যা করে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
