কলকাতা : বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে সারা রাজ্য। বেশ কয়েকটি জেলার জন্য কালবৈশাখীর সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদও নিম্নমুখী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলার কিছু অংশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। রাজ্যের ৯টি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল – কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। এই জেলাগুলির কোনও কোনও অংশে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
