আগরতলা, রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে উমাকান্ত অ্যাকাডেমির স্ট্রং রুম ও কাউন্টিং হল সরেজমিনে ঘুরে দেখেন পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক ড. বিশাল কুমার।
ড. কুমার জানিয়েছেন, উমাকান্ত একাডেমির পুরনো ও নতুন ভবন মিলিয়ে ১৫ টি স্টং রুম থাকবে। তাছাড়া নতুন ভবনে একটি গণনা কেন্দ্র থাকবে। স্টং রুম ও গণনা হলে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে বরাবরের মতোই। স্টং রুমে ইভিএম মেশিন স্থানান্তর করার সাথে সাথে স্টং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। ইতিমধ্যে পৌঁছাবে ইভিএম। অপরদিকে নির্বাচন ঘোষণার দিন দুপুর তিনটা থেকেই শুরু হয়েছে নির্বাচনী আচরণবিধি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা (সাধারণ) লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২০ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ২৭ মার্চ, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ২৮ মার্চ ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩০ মার্চ ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ২৯ মার্চ, ২০২৪৷ মনোনয়নপত্র দাখিল করার অন্তিম তারিখ ২৭ মার্চ, ২০২৪, মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ২৮ মার্চ, ২০২৪ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৩০ মার্চ, ২০২৪৷ ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা ৪ জুন, ২০২৪৷
