

হোজাই (অসম), ২২ অক্টোবর : আজি মহাষ্টমী৷ দেবী দুৰ্গার আরাধনায় মুখরিত সমগ্ৰ অসম। মুখরিত হোজাই জেলা সদর এবং রেলশহর লামডিংও। আজ সকালে মহাষ্টমীর পুজো দিতে লামডিঙে যান রাজ্যের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা৷ লামডিঙে চারটি পুজো মণ্ডপে গিয়ে মায়ের পুজো দিয়েছে মুখ্যমন্ত্ৰী।
প্ৰথমে তিনি লামডিঙের শ্রীরামকৃষ্ণ মিশনে গিয়ে মা দুৰ্গার অঞ্জলি প্রদান করেছেন৷ তার পর যান মিস্ত্ৰিপট্টির পূজা মণ্ডপে। সেখান থেকে যান জনকল্যাণ সংঘ এবং লামডিঙের ঐতিহাসিক কালীবাড়ি মন্দিরে। সব মণ্ডপেই মুখ্যমন্ত্রী ড. শর্মা মায়ের শ্রীচরণে মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি প্রদান করেছেন।
তাঁর সঙে ছিলেন লামডিঙের বিধায়ক শিবু মিশ্ৰ, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং প্রমুখ। এদিকে মুখ্যমন্ত্ৰীকে কাছে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে আবাল-বৃদ্ধ-বনিতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় লামডিঙের সব পূজা মণ্ডপে। লামডিঙের চারটি পূজা মণ্ডপে মায়ের পুজো দিয়ে লামডিং তথা অসমবাসীকে শারদীয়া দুৰ্গা পূজার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
লামডিং থেকে চলে আসেন হোজাই। এখানেও মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি পুজো মণ্ডপে গিয়ে পুজোর্চনা করেছেন। এখানে মুখ্যমন্ত্ৰী বলেন, মহাষ্টমীর পবিত্ৰ দিনে হোজাইয়ের ভক্তিপ্ৰাণ নাগরিকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শক্তির অধিষ্ঠাত্ৰী দেবীর শ্ৰীচরেণ পুষ্পাঞ্জলি অৰ্পণ করেছেন। শারদীয়া দুৰ্গোৎসবের আজকের এই বিশেষ দিন বিভিন্ন স্থানে কুমারী পূজার মাধ্যমে নারী শক্তির আরাধনা করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, হোজাইয়ের পূজা মণ্ডপগুলিতে স্থানীয় শিল্পীদের অতুলনীয় দক্ষতার নিদৰ্শন দেখে তিনি অভিভূত। সনাতন সংস্কৃতির ঐতিহ্য, পরম্পরা এবং আধ্যাত্মিকতার সমাহারে শারদীয়া দুৰ্গা পূজা আমাদের ঐক্যবদ্ধভাবে বিশ্বশান্তি, সম্প্ৰীতি ও ভ্রাতৃত্ববোধের শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার বাৰ্তা দেয়। মাতৃস্বরূপিনী দেবী দুর্গা সকলের মঙ্গল করুন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন হোজাইয়ের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ সহ দলের জেলা স্তরের সব পাধিকারী এবং কার্যকর্তা ও প্রশাসনিক আধিকারিকবর্গ।
