গুয়াহাটি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন জাস্টিস বিজয় বিষ্ণোই। আজ সোমবার গুয়াহাটিতে রাজভবনের দরবার হল-এ এক ভাবগম্ভীর অনুষ্ঠানে জাস্টিস বিজয় বিষ্ণোইকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। তিনি জাস্টিস সন্দীপ মেহতার স্থলাভিষিক্ত হয়েছেন।
গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিতকুমার দাস, অসম সরকারের মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া, অসমের ডিজিপি জিপি সিং, মেঘালয়ের ডিজিপি এলআর বিষ্ণোই, গৌহাটি হাইকোর্টের অন্য সব বিচারক, জেলা ও দায়রা আদালতের বিচারক, মুখ্য বিচারবিভাগীয় আদালতের প্রায় সব স্তরের বিচারপতি, বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিকবর্গ।
প্রসঙ্গত জাস্টিস বিজয় বিষ্ণোই রাজস্থান হাইকোর্টের বিচারপতি ছিলেন। নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক সম্প্রতি তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছিল।
