করিমগঞ্জ (অসম),দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করলেন সীমান্ত জেলা করিমগঞ্জের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী করিমগঞ্জের টাউন ইদগাহে প্রায় কুড়ি হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইসলাম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদ–উল ফিতরের নমাজ পরিচালনা করেন বদরপুর আলজামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার শিক্ষক মুফতি আব্দুল বাসিত ক্বাছিমি। এদিন নামাজ পরিচালনার আগে মুফতি আব্দুল বাসিত ক্বাছিমি সারগর্ভ বক্তব্য পেশ করেছেন।
বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন। আর কোরআন আবির্ভাবের মাসই হলো রমজান, তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান এক মহান মাস। তার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, কোরানের মাহাত্ম্য থেকে বিচ্যুতের জন্য আজ অনেক ক্ষেত্রে বিভ্রান্তির স্বীকার হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। একজন ব্যক্তি হিসেবে অন্তরের বাহ্যিক ও অভ্যন্তরীন দিক কালিমামুক্ত করে জীবন গড়ার পথ সুগম করার আহ্বান জানান তিনি।
মুফতি বাসিত, বলেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। সেই মানবসমাজের জীবন পরিচালিত হয় দুটি ভাগে, সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবনের মাধ্যমে মানবসমাজের জীবনযাপন সম্পন্ন হয়। তবে মানুষ সামাজিক জীবনে বড় বড় বুলি বলে থাকলেও ব্যক্তিগত জীবনে সে নিজেই সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম নয় বলেই সমাজে আজকাল ছড়িয়ে পড়েছে হিংসা বিদ্ধেষ আর অন্যায় অত্যাচার ও অবিচার। এগুলো নির্মুল করতে মানুষের জীবনের দুমুখো নীতি বন্ধ করে সামাজিক ও ব্যক্তিগত জীবন এক করে চলতে হবে, বলেন তিনি।
ছোট-বড়ের স্নেহ-মমতা, স্বামী-স্ত্রীর সম্পর্কের সুদৃঢ়তা দিক উত্থাপন করে আব্দুল বাসিত ক্বাছিমি বলেন, কোরানের বিধান কখনওই পুরনো নয় বরং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক জীবন বিধান বেঁধে দিয়েছে পবিত্র কোরআন। কোরআনের বিধান মেনে জীবন গড়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
নামাজের আগে স্বাগত বক্তব্য পেশ করেন ঈদগাহ পরিচালন সমিতির সভাপতি মুক্তাদির হুসেন চৌধুরী ও সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী।
এদিনের টাউন ঈদগাহ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভার কংগ্রেস ও এআইইউডিএফের মনোনীত প্রার্থী যথাক্রমে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও সাহাবুল ইসলাম চৌধুরী পারুল সহ বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার সম্পাদক আমির হোসেন, সদস্য অপূর্ব দত্ত সহ অন্যান্যরা।
নামাজ শেষে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
