আগরতলা, : ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের আরও ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। ১ জানুয়ারি, ২০২৪ থেকে তা কার্যকর হবে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এ কথা ঘোষণা করেছেন।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা দিতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয় হবে। এতে ১ লক্ষ ৬ হাজার ৯৩২ জন কর্মচারী ও ৮২ হাজার পেনশনার উপকৃত হবেন। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এ কথা ঘোষণা করে বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর ইতিপূর্বে ৩ কিস্তিতে ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা দিয়েছে। ২০২১ সালের ১ মার্চ ৩ শতাংশ, ২০২২ সালের ১ জুলাই এবং ২০২২ সালের ১ ডিসেম্বর ১২ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হয়েছিল।
রাজ্যে করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকার সরকারি কর্মচারী ও পেনশনারদের ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দিয়েছে, বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
