গুয়াহাটি, ৫ জুলাই (হি.স.) : আগামীকাল ৬ জুলাই গুয়াহাটি মহানগরের জিএস রোডের রুক্মিণীগাঁওয়ে নবনির্মিত উড়ালপুল জনসাধারণের জন্য উৎসর্গ করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দিয়েছেন গুয়াহাটি মেট্রো ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। জানানো হয়েছে, আনুমানিক ১১১ কোটি টাকা ব্যয়ে প্ৰায় ৬৫০ মিটার দীর্ঘ রুক্মিণীগাঁও উড়ালপুলের কাজ শুরু হয়েছিল গত বছর ২০২৪ সালের অক্টোবরে। অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে মাত্ৰ নয় মাসে প্ৰকল্পের কাজ সম্পূৰ্ণ করা হয়েছে। এই উড়ালপুলের মূল নিৰ্মাণব্যয় ধার্য ছিল ৮৮ কোটি টাকা। এছাড়া অতিরিক্ত ব্যয় এবং আনুষঙ্গিক কাজকে যুক্ত করে এর খরচ বেড়েছে।
রূক্মিণীগাঁওয়ের উড়ালপুল উদ্বোধন হয়ে গেলে গুয়াহাটি মহানগরীর তীব্ৰ যানজটের সমস্যা কিছু হলেও সমাধান হবে বলে মনে করছে মেট্রো ট্রাফিক পুলিশ প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
