কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে হালকা ঠান্ডাও অনুভূত হচ্ছে, হালকা ঠান্ডা অনুভূত হলেও শীত এখনও দূরেই। আপাতত শুষ্কই থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। কলকাতার আবহাওয়াও আপাতত থাকবে শুষ্ক। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া-সহ একাধিক জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতে হালকা শীত অনুভূত হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনও বদল নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। উপরের দিকে জেলাগুলির তাপমাত্রার পারদ রাতের দিকে কয়েক ডিগ্রি নামতে পারে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
