কলকাতা, ২৭ জুলাই (হি.স.): টানা দু’দিনের বৃষ্টির পর রবিবার সকালে রোদের দেখা মিলেছে কলকাতায়। তবে, বিভিন্ন জেলায় সেভাবে রোদের দেখা মেলেনি। রবিবাসরীয় সকালে হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়, বৃষ্টি হয়েছে অন্যান্য জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি আপাতত পুরোপুরি থামছে না। বিক্ষিপ্ত ভাবে বর্ষণ চলবে কলকাতা ও শহরতলিতে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে এখনও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে। রবিবারও উত্তাল রয়েছে সমুদ্র। রবিবারই কাকদ্বীপ থেকে সাগরে যাওয়ার পথে ভেসেল থেকে ঝাঁপ দিয়ে মুড়িগঙ্গা নদীতে তলিয়ে যান এক ব্যক্তি।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই বৃষ্টিও হচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
