মান্ডি , ৩০ জুলাই (হি.স.) : হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরাজ অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গুলিতে সড়ক, বিদ্যুৎ সহ যাবতীয় প্রয়োজনীয় পরিষেবা ফেরাতে চলছে যুদ্ধকালীন তৎপরতা। বুধবার জেলা প্রশাসক তথা জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সভাপতি অপূর্ব দেবগণ জানিয়েছেন, হিমাচল প্রদেশ সরকারের নির্দেশে মান্ডির বিভিন্ন দুর্যোগগ্রস্ত অঞ্চলে ত্রাণ ও পুনর্গঠন কর্মযজ্ঞ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, দুর্গম সরাজ উপত্যকার গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট বিভাগগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ইতিমধ্যেই ১৯৩টি ট্রান্সফর্মার পুনরুদ্ধার করা হয়েছে। বুধবার টিক্কার ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে দিতে কর্মীরা মেরামতির কাজ চালিয়েছেন। জানজেহলি সেকশনে ৬৩ কেভিএ ট্রান্সফর্মার বসানোর কাজ চলছে। এছাড়া রুশাড় গ্রামের বিদ্যুৎ লাইনও মেরামত করা হচ্ছে। থুনাগের দেজি এলাকার ভরাড়ে ২২ কেভি এইচটি লাইনের কাজও জারি আছে।
জেলাশাসক এও জানান, দুর্গম গ্রামগুলির সঙ্গে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৪২টি সড়ক সচল করা হয়েছে। বুধবার দেজি ও সংলগ্ন গ্রামে যাতায়াত ফেরাতে থুনাগ-পঞ্জুট-লামসাফড় রোড পুনর্নির্মাণের কাজ চলেছে। থুনাগের র্যেনগলু-চ্যাণ্ডি-করস্বালি সড়কের মেরামতির কাজও চলছে। লম্বাথাচ-শিলহিবাগি-কলহনি এবং তুংগাধার সড়ক সচল করতে মোতায়েন হয়েছে ভারী যন্ত্রপাতি।
এছাড়াও তিনি জানান, বিপর্যস্ত অঞ্চলগুলি থেকে দ্রুতগতিতে ধ্বংসাবশেষ অপসারণের কাজও চলছে। লম্বাথাচ রাজ্য উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পেছনের অংশের ধ্বংসাবশেষ সরানো হয়েছে। লম্বাথাচ কলেজ সংলগ্ন খালে বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
