বোলপুর, ৭ আগস্ট (হি.স.): বীরভূম জেলার শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই এলাকায় অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গলায় ওড়না বাঁধা অবস্থায় জঙ্গলের ধারে দেহটি পড়ে থাকতে দেখা যায়। প্রথম সেটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রের খবর, মৃতের মুখে-চোখে থেঁতলানোর চিহ্ন আছে। যা থেকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত খুন করার পর মৃতদেহটি ফেলে পালিয়েছে অভিযুক্তরা। বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন শান্তিনিকেতন থানার ওসি ডি মণ্ডল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
