– অভিযুক্তের বিরুদ্ধে অসম এবং ঝাড়খণ্ডে চলছে একাধিক ফৌজদারি মামলা
গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : কোকরাঝাড় এবং শালাকাটি স্টেশনের মধ্যবর্তী রেলওয়ে ট্র্যাকে আইইডি বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নাম প্রকাশ না করে তিনি বলেন, শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অসম এবং ঝাড়খণ্ডে চলছে একাধিক ফৌজদারি মামলা।
‘কোকরাঝাড়ে রেলওয়ে ট্র্যাকে আইইডি বিস্ফোরণে রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও, লোকো পাইলটের বদান্যতায় সম্ভাব্য এক বিরাট বিপর্যয় এড়াতে পেরেছি আমরা,’ বলেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনি বলেন, ‘গতকাল আমাদের রাজ্য একটি ভয়ানক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। আজ ভোররাত প্রায় তিনটায় ডিজিপি আমাকে ফোন করে জানান, কোকরাঝাড়ে একটি আইইডি বিস্ফোরণে রেলওয়ে ট্র্যাকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত, ট্রেনটি পার হয়ে যাওয়ার পর বিস্ফোরণটি সংঘটিত হয় এবং তৎপরতার সঙ্গে লোকো পাইলট আরপিএফ, জিআরপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। এতে বড়সড় এক বিপর্যয়কর দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। লোকো পাইলট যদি সময়মতো তা লক্ষ্য না করতেন, আমরা হয়তো ভোর তিনটার মধ্যে খুব মর্মান্তিক খবর শুনে জাগতাম।’
মুখ্যমন্ত্রী বলেন, কোকরাঝাড় পুলিশ রাতারাতি দ্রুত তদন্ত শুরু করে। রাতেই ক্ষতিগ্রস্ত রেলপথটি মেরামত করেন এনএফ রেলের ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট কর্মচারীরা যার দরুন ওই রুটে ট্রেন পরিষেবা পুনরায় স্বাভাবিক হয়৷
ড. শর্মা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অসম এবং ঝাড়খণ্ডে একাধিক মামলা রয়েছে। ব্যক্তিটি কোনও সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে জানা হবে। আসাম পুলিশ খুব শীঘ্রই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সমীপ
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
