কলকাতা, ২৫ জুলাই (হি.স.) : ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইনের বিল রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে। শুক্রবার বিধানসভা সূত্রে এ খবর জানা গিয়েছে।
গত বছরের আগস্টে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয় ‘অপরাজিতা বিল ২০২৪’। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। রাজ্যপাল সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
