ধর্মনগর (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : বিদ্যুৎ মাশুল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কর্মীরা আগামীকাল আন্দোলনে নামছেন। জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলা কংগ্রেস ভবনে ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের উদ্যোগে কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা, কিষাণ কংগ্রেস কমিটির প্রদেশ সভাপতি অশোক বৈদ্য, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাচিত চৌধুরী, সম্পাদকদ্বয় চয়ন ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ পাল, সদস্য হীরালাল নাথ, সদস্য কেবল নন্দী সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির সদস্যরা।
কিষাণ কংগ্রেস কমিটি আয়োজিত সভায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি প্রাক্তন নেতৃত্ব দলত্যাগ করে এদিন জাতীয় কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি আরও দু’জন ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগ দেন।
রাজ্যে বিদ্যুৎ মাশুল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কর্মীরা আগামীকাল আন্দোলনে নামছে, এই বার্তা দিতে এদিন এখানে এই সাংবাদিক সম্মেলন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বিদ্যুতের স্মার্ট মিটারের ব্যাপারে আশীষ কুমার সাহা বলেন, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা স্মার্ট মিটার বসানোর বিরোধীতা করছেন, আর ত্রিপুরায় সেই দলের নেতা-মন্ত্রিরা স্মার্ট মিটার বসাতে হবে বলে গ্রাহকদের হুমকি দিচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
